প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম (ভিজিট : ২৬)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে কথায় কথায় মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন ও মো. জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপপরিচালক নবিদুর রহমান এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা শাহাব উল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে আবুল কাশেম (৬৫) দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়েও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা ও থানায় লিখিত অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন।
তাদের দাবি, মতবিরোধ বা জমি–সংক্রান্ত বিরোধের জের ধরেও মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, গত আট বছরে অন্তত অর্ধশত ব্যক্তিকে বিভিন্ন অভিযোগে হয়রানির চেষ্টা করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজন প্রবাসীও রয়েছেন। তাঁদের দাবি, এসব ঘটনার কারণে কয়েকজন প্রবাসী দেশে ফিরতেও শঙ্কা বোধ করছেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও দাবি করেন, অতীতেও একই ধরনের অভিযোগে একাধিক ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো নথিপত্র উপস্থাপন করেননি।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন, 'ভুল নম্বরে ফোন করেছেন'—এ কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে চলতি সপ্তাহে প্রবাসী জুয়েল ও জালালের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দেন আবুল কাশেম।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রূপক ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সমর্থনে কোনো সত্যতা পাওয়া যায়নি।