প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম (ভিজিট : ৩৬)

X
সংগৃহীত ছবি
রাজধানীর ফার্মগেট ও মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার (১ আগস্ট) সকালে উদ্ধার হওয়া বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঘটনাকে ঘিরে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত করেছে যে বস্তু দুটি নিরাপদ। এ ঘটনায় গুজবে কান না দিয়ে শান্ত ও সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে। একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকতে পারে এমন খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় গড়ে তোলে।
পরে বোম্ব ডিসপোজাল টিম সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করলে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হয়। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে একটি জর্দার কৌটা ও পান ছাড়া আর কিছুই ছিল না। পরীক্ষায় কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি।
একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত পদক্ষেপ নেয়ার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
পুলিশ নগরবাসীকে যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।