প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম (ভিজিট : ২৭)

X
জানালা ভেঙে কিশোরীকে গণ ধর্ষণ
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।
পরিদর্শনকালে তিনি ভুক্তভোগী ও তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলা হবে এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এমপি শহীদুল ইসলাম বাবুল বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে, রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে চাপ দেয়। ভেতর থেকে দরজা না খোলায় জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে কিশোরীকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে।