প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত তিন দিনে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রনি বেপারি (২২)-কে আদালতের মাধ্যমে ফরিদপুরে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রনি বেপারিকে গ্রেপ্তার করে। রনি স্থানীয় লাবলু বেপারির ছেলে।
এর আগে ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে তার নিজ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি মোটরসাইকেলসহ দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃত দুই আসামি হলো-একই গ্রামের ইসলাম মৃধার ছেলে হেলাল মৃধা (২১) এবং মৃত টিটু শিকদারের ছেলে রইস শিকদার (১৫)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বসতবাড়ি ঘেরাও করে। একপর্যায়ে ঘরের জানালা ভেঙে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় তারা। স্বজন ও প্রতিবেশীরা বাধা দিতে গেলে অস্ত্রের মুখে তাদের ভয়ভীতি দেখানো হয়। পরে কিশোরীকে পাশের একটি গ্রামের পুকুরপাড়ে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে একটি ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।