সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যাসহ আরও কয়েকটি মামলা চলমান থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না।
রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন প্রশ্নে দেওয়া রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এ রায় দেন। আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইনজীবী অপূর্ব কুমার জানান, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের দুটি মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। আরও দুটি মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে। তবে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনালে চলছে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত থাকায় আপাতত তাঁর কারামুক্তি ঘটছে না।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর বিএনপি নেতা (পরে দল থেকে বহিষ্কৃত) ফিরোজ খান চিন্ময়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁর জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় নিহত আইনজীবীর বাবার দায়ের করা মামলাসহ মোট পাঁচটি মামলা করা হয়েছিল।