প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:৩৮ এএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলাল উদ্দিন (৩৯) নামে সুপারভাইজারকে আটক করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ময়েন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা।
তবে হেলাল উদ্দিনের দাবি, সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।
রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা - কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত।
বিকাল ৪টার দিকে কুষ্টিয়া র্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।