প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম (ভিজিট : ২৫)

X
ছবি : প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলস্টেশনের টিনের যাত্রী ছাউনী ঝাঁঝড়া হয়ে খসে পড়েছে। এতে করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঝাঁঝড়া ওই টিনের পুটো দিয়ে অঝোর ধারায় পড়ছে। ফলে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা ছাউনীর নিচে দাঁড়িয়ে থাকতে পারছে না। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে তালোড়া রেলস্টেশনের যাত্রী ছাউনী ঝাঁঝড়া ও জীর্ণ হয়ে খসে পড়ায় ওই স্থানে ফুটো হয়ে গেছে। আর তাই সামান্য বৃষ্টি হলেই ওই ফুটো দিয়ে পানি পড়ায় স্টেশনে বসার জায়গা ভিজে যায়। এতে করে ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার মধ্যে তালোড়া একটি অন্যতম রেলস্টেশন। প্রতিদিন আপ ও ডাউন রুটে ১০টি ট্রেন যাত্রা বিরতি করে এ স্টেশনে। এ কারণে যাত্রী সমাগম হয় প্রচুর।
সরকার বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকেন এ স্টেশন থেকে। কিন্তু দুঃখের বিষয় তার পরেও এ ভরা বর্ষা মৌসুমে এ যাত্রী ছাউনী সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করতে এখন পর্যন্ত দেখা যায়নি।
ট্রেন যাত্রী আাবুল কাসেম ও মিন্টু ইসলাম সহ বেশ কয়েকজন জানান, তালোড়ার মতো বাণিজ্যিক এলাকার রেলস্টেশনের যাত্রী ছাউনীর এমন বেহাল দশায় যাত্রীরা বেকায়দায় পড়েছেন। বৃষ্টিপাত শুরু হলে ছাউনীর ফুটো দিয়ে পানি পড়ায় প্লাটফর্মে যাত্রীদের শুধু বসার নয়, দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে পড়ে। তারা দ্রুত এ যাত্রী ছাউনী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালোড়া স্টেশন মাস্টার সোহাগ হোসেন বলেন, যাত্রী ছাউনী সংস্কার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে তাঁরা এ যাত্রী ছাউনী পরিদর্শন করেছেন। খুব দ্রুত এটি সংস্কার হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।