প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি : প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী ও সংলগ্ন কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের প্রতিবাদ করায় প্রবীণ এক শিক্ষকসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী,
গত শনিবার উপজেলার উলিয়া পাইলিংঘাট এলাকায় শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালিয়ে প্রবীণ শিক্ষক আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমসহ পাঁচজনকে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসলামপুরও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী ও নদীতীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটে।
এদিকে নোয়ারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে এলাকাবাসী জানান, এতে উর্বর জমি নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিউল আলমও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ/স্মারক লিপি দিয়ে অবৈধ ড্রেজার বন্ধ করার জন্য ইউএনও মহোদয়ের নিকট আবেদন জমা দিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম, মো. সাদা, জহুরুল ইসলাম, নাজির, বিপুল মেম্বার, মো. তোতা চৌধুরী, রুহুল আমিন ও মনিরুজ্জামান পলাশ।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জুবায়ের বলেন, অভিযোগ তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।