প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম (ভিজিট : ৬০)

X
পুলিশের ওপেন হাউজ ডে
গাজীপুরে জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি প্রমুখ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার শরিফ উদ্দিন মাদকবিরোধী, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণের ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশকে ভুল তথ্য দিয়ে অযথা হয়রানি করবেন না। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্যও আহবান জানান তিনি।