প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম (ভিজিট : ২৬)

X
ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁর মান্দায় মরহুম আলহাজ্ব ইসরাইল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ দিতে এই আয়োজন করা হয়।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভারশো স্কুল সংলগ্ন এলাকায় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কোরবান আলী রনির বাসভবনে এই ক্যাম্প পরিচালনা করা হয়। মরহুম আলহাজ্ব ইসরাইল হোসেনের স্মরণে তার ছেলে ডা. কোরবান আলী রনি ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেন।
দিনব্যাপী চিকিৎসা শিবিরে সেবা দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন ডা. কোরবান আলী রনি, গাইনি চিকিৎসক ডা. মৌমিতা দেব এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. হারুন অর রশিদ। এতে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
গ্রামীণ পরিবেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা স্থানীয়রা।
আয়োজকরা জানান, দেলুয়াবাড়ির মিশাত ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।