
X
ছবি: প্রতিনিধি
আগামি ৯ আগস্ট রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি হয়ে হাটহাজারী সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসাথে প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বোস্তরের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভার আহবায়ক জাকের হোসাইন, সদস্য সচিব অহিদুল আলম, পিডিবি'র নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন জাবেদ, টিএসও তাপস কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান, ফরহাদাবাদ ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম, মির্জাপুরের জাকির হোসেন, সাংবাদিক মোঃ বোরহান উদ্দিন, মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
প্রসঙ্গত, আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
এ ছাড়া হাটহাজারী ডাক বাংলোয় অবস্থান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রয়াত শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এদিকে সফরকে কেন্দ্র করে সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ডাক বাংলোসহ কয়েকটি স্থান পরিদর্শন করেন।