প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম (ভিজিট : ২০)

X
ছবি: প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের চোখে ধূলি দিয়ে আত্মগোপনে থাকা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি তাজেল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে নিজ গ্রাম থেকে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত তাজেল ইসলাম উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তাজেল ইসলামের বিরুদ্ধে ২০১৭ সালের পুলিশ এসল্ট ও মাদকের দুটি এবং ২০১৯ সালের আরও দুটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ সালের একটি মাদক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। পরোয়ানা জারির পর থেকেই সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামি তাজেল গোপনে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শাল্লা থানা পুলিশের একটি দল গভীর রাতে পুরো বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে এক অদ্ভূত জালিয়াতির আশ্রয় নিয়েছিল এই আসামি। দু’দিন পূর্বে সন্দেহজনকভাবে পুলিশ তাকে আটক করলেও এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ডের তথ্যের গরমিল দেখিয়ে কৌশল খাটিয়ে সে পার পেয়ে যায়। তবে শাল্লা থানা পুলিশ হাল ছাড়েনি। পরবর্তীতে তাজেলের পূর্বের সকল মামলার এজাহার ও নথিপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় শতভাগ নিশ্চিত হয় পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই কালবিলম্ব না করে আবারও অভিযান চালিয়ে তাকে জালে তোলে পুলিশ।
এ বিষয়ে শাল্লা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী জানান, “তাজেল ইসলাম ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ তাকে দু'দিন পূর্বে সন্দেহজনকভাবে আটক করেছিল। কিন্তু তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের মিল না থাকায় তখন তাকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে তাজেল ইসলামের অন্যান্য মামলার এজাহারের কপির সাথে মিলিয়ে তার পরিচয় সনাক্ত করে নিশ্চিত হওয়া যায় সে-ই প্রকৃত ওয়ারেন্টভুক্ত আসামি। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ধৃত করে থানায় নিয়ে আসে এবং সুনামগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।”