
X
এমপি আবু ওয়াহাব
ময়মনসিংহকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী, প্ল্যানার এবং নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) আয়োজিত ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ গণপূর্ত ভবন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ন রোধ, আধুনিক ও দুর্যোগ-সহনশীল নগর গঠন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে।
তিনি বলেন, প্রাচীন এই শহরকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে প্রত্যেক নাগরিকের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত নগরী গড়ে তোলা সম্ভব হবে।
সভায় ডেভেলপার ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ময়মনসিংহ দ্রুত আধুনিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত হতে পারে। এজন্য শহরের ড্রেনেজ ব্যবস্থা, সড়ক অবকাঠামো এবং ভবন নির্মাণে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেন তারা। এতে ভবন মালিকরা সঠিক পরিকল্পনার ভিত্তিতে নির্মাণকাজ পরিচালনা করতে পারবেন বলে মত দেন।
সভাপতির বক্তব্যে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগরায়ন, ভূমির যথাযথ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই মউকের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, মতবিনিময় সভার উদ্দেশ্য হলো ময়মনসিংহকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ ও মতামত গ্রহণ করা। সবাই একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, আধুনিক ও টেকসই নগরী গড়ে তোলা সম্ভব হবে।
সভায় বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটির সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।