সিআইআরএস ও এনআরএস উদ্বোধন, প্রতিকার মিলবে সাইবার হামলা-অনলাইন প্রতারণার

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি

2026-08-04T19:39:49+00:00
2026-08-04T19:39:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিআইআরএস ও এনআরএস উদ্বোধন, প্রতিকার মিলবে সাইবার হামলা-অনলাইন প্রতারণার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৫৬)
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম
X

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস) এবং ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম (এনআরএস) নামে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। একই সঙ্গে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়াও উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিআইআরএস ও এনআরএস চালুর মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। সিআইআরএসের মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজেই সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবে এবং দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়ক হবে।

মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অপপ্রচার ও অনলাইন হয়রানি রোধে সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার, প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজের দিকে এগোতে হলে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়; নাগরিক, বেসরকারি খাত ও সরকারি প্রতিষ্ঠানেরও সমান দায়িত্ব রয়েছে। ভবিষ্যতে সাইবার ঝুঁকি আরও বাড়বে উল্লেখ করে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডেটা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সিআইআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা কাঠামোবদ্ধভাবে সাইবার ঘটনার রিপোর্ট করতে পারবেন। প্রতিটি অভিযোগ যাচাই, বিশ্লেষণ, এসকেলেশন, প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে।

অন্যদিকে এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি, তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য একটি জাতীয় রেটিং ব্যবস্থা হিসেবে কাজ করবে। ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি ম্যাচিউরিটি রেটিং ফ্রেমওয়ার্ক-এর আওতায় চারটি মূল স্তম্ভ ও ১৩১টি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই গ্রেডে মূল্যায়ন করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, সিআইআরএস ও এনআরএস বাস্তবায়নের মাধ্যমে দেশের সাইবার স্থিতিস্থাপকতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং তথ্যভিত্তিক নীতিনির্ধারণ আরও শক্তিশালী হবে। এর ফলে নিরাপদ, আস্থাশীল ও সহনশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy