প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ২)

X
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেয়া হয়।
দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি আখ ক্ষেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয়রা ওই গ্রামে আটক করে রাখে।
এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেয়ার দাবি তোলেন। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকও হয় বিজিবি-বিএসএফ মধ্যে। তবে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। #