প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম (ভিজিট : ৩৫)

X
ছবি: প্রতিনিধি
দশমিনা উপজেলায় মো.বাবলু সরদার (৩৫) নামে এক গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘরের সামনে থেকে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু সরদার রণগোপালদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়ির মৃত মো.আফসের সরদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষের অভিযোগে এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদার ও এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে বাবলু সরদারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে থেকে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি চাষ করা গাঁজা গাছ জব্দ করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবলু সরদারকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের সামনে চাষ করা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।