প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন। এর আগে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সালেহ আহমেদের গলায় আঘাত করে। এতে তার গলায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরিবারের দাবি, রাতে একজন চোর ঘরে ঢুকে সালেহ আহমেদকে হত্যার চেষ্টা করে। তবে, ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, নোয়াখালী পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।