সরকার সংস্কৃতিকর্মীদের মূল্যায়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে: সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান শুধু নড়াইল বা বাংলাদেশের শিল্পী ছিলেন

2026-08-10T21:30:29+00:00
2026-08-10T21:30:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকার সংস্কৃতিকর্মীদের মূল্যায়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে: সংস্কৃতি মন্ত্রী
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩)
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
X

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান শুধু নড়াইল বা বাংলাদেশের শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বজুড়ে অনন্য এক চিত্রশিল্পী। তিনি ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তাঁর দেশপ্রেম ও শিল্পকর্মের মাধ্যমে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পী, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মূল্যায়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে। অপসংস্কৃতি রোধে জীবনমুখী যাত্রাপালা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় সুষ্ঠু ধারার গ্রামীণ যাত্রাপালা, নাটক, লোকসংগীত, কবিগানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করবে।

তিনি আরও বলেন, গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নৌকাবাইচ, লাঠিখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সুষ্ঠু ধারার চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তারের হাতে ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

এর আগে মন্ত্রী শিশুস্বর্গ, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও আর্ট গ্যালারি পরিদর্শন করেন।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

‘এসএম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজবাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক উপস্থিত ছিলেন।

পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ প্রশাসনের কর্মকর্তা ও সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসন এবং এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৬টায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, সকাল ৯টায় শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, সকাল সাড়ে ৯টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন এবং সকাল ১০টায় আর্ট ক্যাম্প উদ্বোধন। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy