প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (১০ই আগস্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মেইন গেইটে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘কমিটির নিয়োগ মানি না, মানবো না’, ‘মামা না মেধা, মেধা মেধা’, ‘এনটিআরসি না কমিটি, এনটিআরসিএ এনটিআরসিএ’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, “ আমরা জানতে পারছি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার এই উদ্যোগের মাধ্যমে মূলত সরকার দলীয় লোকদের সুবিধা দিতে চাচ্ছে। বিগত সময়ে আমরা দেখেছি, ম্যানেজিং কমিটি গঠিত হয় সরকার দলীয় লোক দিয়ে, আর সেই লোকরা ম্যানেজিং কমিটিতে বসে নিয়োগ বাণিজ্য করে নিজের পকেট ভড়িয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। সেই একই সিস্টেমে ফেরা মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া।”
শিক্ষার্থীরা আরো বলেন, “বৈষম্য দূর করার জন্যই ২৪ এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু বৈষম্য আবারও ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সামনের দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তাই আমরা সরকারকে বলতে চাই, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত আমাদেরকে জুলাইয়ের মতো রাস্তায় নামতে বাধ্য করে। আমরা আশা করি, সরকার এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে তা থেকে দূরে থাকবে।”