মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীসহ চার মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, হোগলাপাশা গ্রামের আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তার ৬ মাস, সানকিভাংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব ২ মাস, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান ২ মাস ও মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে সোমবার (১০ আগষ্ট) পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দন্ডাদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার পৌরসভা ও হোগলাপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ৪ মাদককারবারি ও সেবনকারিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে তোলেন। এসময় ওই চার মাদককারবারি ও সেবনকারি দোষ স্বীকার করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।