
X
ছবি: প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আয়োজিত আন্তঃঅনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলা অনুষদ।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুই দলই শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত কলা অনুষদের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ফলে ১-০ গোলের জয় নিয়ে আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নেয় কলা অনুষদ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ ও এর চেতনাকে ধরে রাখার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করে বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী দল গঠন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার চর্চার সঙ্গে যুক্ত থাকতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলার পরিবেশকে আরও সক্রিয় করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সদ্য সাবেক ডিন ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছয়টি দল অংশ নেয়। গত ২ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৫ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে পরিবর্তিত সূচি অনুযায়ী ১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।