প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ০)

X
হবিরবাড়ি ইউনিয়ন
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ। ২০২৫–২৬ অর্থবছরের কার্যক্রমের মূল্যায়নে ইউনিয়নটিকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি দেওয়া একটি প্রশংসাপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ স্বীকৃতি দেওয়া হয়।
প্রশংসাপত্রে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের কর্মতৎপরতা প্রশংসাযোগ্য। এ ধরনের উদ্যোগ অন্যান্য ইউনিয়ন পরিষদকেও অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করা হয়।
বর্তমানে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন । প্রশাসকের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসব কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইকবাল হোসাইন বলেন, এই স্বীকৃতি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও কার্যক্রম আরও জোরদার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত। হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের এ অর্জন প্রশংসনীয়। তিনি বলেন, একটি ইউনিয়নের ভালো উদ্যোগ অন্য ইউনিয়নগুলোর জন্যও উদাহরণ তৈরি করতে পারে। ভবিষ্যতে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।