প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ৬)

X
আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক অভিযান চালিয়ে জেলপলাতক হত্যা মামলার এক আসামি ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (১০ আগস্ট) বিকেলে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেলপলাতক আসামি মো. সুমন মিয়া (২১)কে গ্রেফতার করা হয়। তিনি নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। তিনি শেরপুরের একটি হত্যা মামলার বিচারাধীন হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ২৫০৮/২৩। কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর তিনি পলাতক ছিলেন।
এদিকে, একই দিন রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহুল আমীন ওরফে মানিক (৩৪)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় পরিচালিত এ অভিযানে গ্রেফতার রুহুল আমীন শেরপুরের শ্রীবরদী থানার সিআর মামলা নং-৩১০/২৫-এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
রুহুল আমীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্রাফিল হোসেন আকন্দের ছেলে।
র্যাব-১৪ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।