প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম (ভিজিট : ০)

X
মির্জাগঞ্জে ভয়াবহ লোডশেডিং
ভ্যাপসা গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মানুষ। গত কয়েক দিন ধরে উপজেলার ছয়টি ইউনিয়ন ও সুবিদখালী সদর এলাকায় বিশেষ করে রাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকার পর অল্প সময়ের জন্য সরবরাহ চালু হলেও আবার চলে যাচ্ছে। এতে স্বাভাবিক জনজীবন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কয়েক দফায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেকেই ঘরে থাকতে না পেরে বাইরে সময় কাটাচ্ছেন। রাতে ঘুমাতে না পারায় কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে।
লোডশেডিংয়ের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি কম্পিউটার কম্পোজ, ওয়েল্ডিং, কুলিং কর্নারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ রাখতে হচ্ছে। জেনারেটর চালাতে অতিরিক্ত জ্বালানি খরচ হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সুবিদখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা মো. ফরিদ উদ্দিন বলেন, “দিন-রাত মিলিয়ে কয়েক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। গরমে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ ব্যবসায়ীর আইপিএস বা জেনারেটর চালানোর সামর্থ্য নেই। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।”
মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) পলক সাহা জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন কমে যাওয়ায় জাতীয়ভাবে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। তিনি বলেন, রাতে মির্জাগঞ্জে প্রায় ৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে সাড়ে ৩ মেগাওয়াটের মতো। ফলে ঘাটতি সামাল দিতে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।