প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ২)

X
ফাইল ছবি
দেশে হাম ও হামসদৃশ উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৯০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৯ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮০৩ জনের। নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় শিশুদের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
আজ শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭০ জন শিশু। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৭২৮ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
হাম রুবেওলা ভাইরাসজনিত একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। উচ্চ জ্বর, সর্দি-কাশি এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি বা দানা ওঠা এ রোগের প্রধান লক্ষণ।
চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাম থেকে নিউমোনিয়াসহ বিভিন্ন গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।