প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম (ভিজিট : ২)
X
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধারের পর অভিনেত্রীর মা ও স্বজনরা থানায় এসেছেন। পরিবারের দেওয়া তথ্য সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এক যুবকের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল।
অভিনেত্রী রিধিকা রিধি
শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে ভিডিওকলে যুক্ত থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করতেন রিধিকা রিধি। তাঁর অভিনীত জনপ্রিয় ও উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
উদীয়মান এই অভিনেত্রীর এমন অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।