প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম (ভিজিট : ১)

X
ছবি: প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।
রোববার সকাল ১১টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গ্রেপ্তারের স্বার্থে মামলার আসামিদের নাম জানাতে চাননি তিনি।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য আঘাতপ্রাপ্ত না হলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতেই বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে অতর্কিত হামলা হয়। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা একজনের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে আয়নুল হক হামলার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি বলেন, হামলার সময় তাঁদের নেতা-কর্মীরা নিজস্ব কর্মসূচিতে ছিলেন। তাই এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় রাতেই একজন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার ভিডিও দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।