প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম (ভিজিট : ২)

X
ছবি : প্রতিনিধি
নওগাঁর মান্দায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেজবাউল হক নামের ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুটি মোটরসাইকেলের বেপরোয়া গতির প্রতিযোগিতার জেরে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মেজবাউল হক উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের এস এম সেলিম ও মাহমুদা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে কুসুম্বার দিকে যাচ্ছিল। পথে হাজী গোবিন্দপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মেজবাউল।
প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, “দুটি মোটরসাইকেল অত্যন্ত বেপরোয়া গতিতে যাচ্ছিল। চোখের সামনেই মাইক্রোবাসটির সঙ্গে ধাক্কা লেগে শিশুটি ছিটকে পড়ে মারা যায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মাইক্রোবাসটি পালিয়ে যায়।