প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম (ভিজিট : ১)

X
ছবি : প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভার দুই কর্মচারীকে মারধরের অভিযোগের তিন দিনের মাথায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের খবরে পৌর কর্মচারীরা মিষ্টি বিতরণ করে উল্লাস এবং কর্মবিরতিও প্রত্যাহার করেছেন।
রোববার (১৬ আগষ্ট) দুপুরে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বিকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতাকর্মী আনারুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করে পৌর কর্মচারীরা এবং অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
প্রত্যাহারের খবর পেয়ে পৌরসভার কর্মচারীরা পরস্পরকে মিষ্টি খাওয়ান। কর্মচারী নেতারা বলছেন, এটি তাঁদের আন্দোলনের ফল।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান বুলু জানান, “দুই কর্মচারীকে মারধরের অভিযোগের বিচার ও শাস্তির দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। প্রধান নির্বাহীকে প্রত্যাহার করায় আমরা খুশি। এটি আমাদের আন্দোলনের ফসল।”
তবে প্রধান নির্বাহীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো তদন্ত বা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কি না, প্রত্যাহারের আদেশে তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বীর কোন বক্তব্য পাওয়া যায়নি।