অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘চলতি মৌসুমই হতে পারে শেষ’

বুলেটিন ডেস্ক

খেলাধুলা

তবে কি সত্যিই ক্যারিয়ারের শেষ মৌসুমে পা রাখতে যাচ্ছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার?পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল

2026-08-17T14:19:17+00:00
2026-08-17T14:19:17+00:00
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৭ আগস্ট ২০২৬
   
অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘চলতি মৌসুমই হতে পারে শেষ’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৩)
ক্রিস্টিয়ানো রোনালদো
X

ক্রিস্টিয়ানো রোনালদো

তবে কি সত্যিই ক্যারিয়ারের শেষ মৌসুমে পা রাখতে যাচ্ছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার? পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে এবার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। ৪১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, চলতি মৌসুমই ফুটবলার হিসেবে তাঁর শেষ মৌসুম হতে পারে। দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিদায়ের আগে নিজের জন্য ‘দারুণ এক উত্তরাধিকার’ রেখে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে বেশ কয়েকবার অবসরের সম্ভাবনার কথা বললেও কখনো নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত দেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

তবে সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো প্রথমবারের মতো তুলনামূলক স্পষ্টভাবে অবসরের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন। তাঁর এমন মন্তব্যের পর ফুটবলবিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে—তবে কি সত্যিই ক্যারিয়ারের শেষ মৌসুমে পা রাখতে যাচ্ছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার?

রোনালদোর ক্যারিয়ার ইতোমধ্যেই অসংখ্য সাফল্যে সমৃদ্ধ। ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক অঙ্গন—দীর্ঘ পথচলায় তিনি গড়েছেন একের পর এক রেকর্ড। এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্মরণীয় উত্তরাধিকার রেখে যাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি চাই, অসাধারণ একটি উত্তরাধিকার রেখে যেতে।’

গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যেতে পারেন। একই সময়ে তিনি নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে পর্তুগাল শেষ ষোলো থেকে স্পেনের কাছে বিদায় নেয়ার পরও অবসরের সঠিক সময় নিয়ে মুখ খোলেননি তিনি।

তবে এবার জানালেন, ফুটবল-পরবর্তী জীবন নিয়েও ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পাশাপাশি ভ্রমণ, প্যাডেল খেলা এবং নিজের পছন্দের অন্যান্য কাজে সময় দেয়ার ইচ্ছা রয়েছে তার।

রোনালদোর ভাষায়, ‘আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছু পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই সেই সময়টা নানা কাজে পূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই। এত বছর অনেক ত্যাগ স্বীকারের পর এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের পাঁচ দিন আগে দেয়া ওই সাক্ষাৎকারে রোনালদোর এমন মন্তব্য ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার অবসর মানে শেষ হয়ে যেতে পারে আধুনিক ফুটবলের অন্যতম বর্ণিল ও সফল এক অধ্যায়।

স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে তিনি রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোলও করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হারের পর বিদায় নিতে হয় তার দলকে।

রোনালদোর অবসরের ইঙ্গিতের মধ্যেই ফুটবলবিশ্বে আরেক মহাতারকা লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি বাবার মৃত্যুর পর নিজের ক্যারিয়ার কতদিন চালিয়ে যাবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মেসি।

সব মিলিয়ে সময়ের দুই সেরা তারকা রোনালদো-মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় যেন ধীরে ধীরে সামনে চলে আসছে। আর রোনালদোর ক্ষেত্রে সেই বিদায় হয়তো খুব বেশি দূরে নয়।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy