প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:৩৭ পিএম (ভিজিট : ৪)

X
ফাইল ছবি
দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৫ শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮১। এই সময়ে ৯২৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৪টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, শরীরে র্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।