প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ০)

X
প্রসেনজিৎ চ্যাটার্জি
‘বুম্বাদা’খ্যাত টলিউডের শক্তিমান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এবার নতুন এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। দীর্ঘ অভিনয়জীবনে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা এই অভিনেতাকে এবার দেখা যাবে ‘ডাক্তার কাকু’ হিসেবে।
গত জুলাইয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তখন তিনি জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে নির্ধারিত সময়ে আর মুক্তি পাচ্ছে না ‘ডাক্তার কাকু’।
সম্প্রতি ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন অভিনেতা নিজেই। মুক্তির তারিখ পিছিয়ে গেলেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। বরং প্রসেনজিতের নতুন চরিত্র ও গল্পের ধরন নিয়ে টলিপাড়ায় তৈরি হয়েছে কৌতূহল।
নতুন চরিত্র দেখার জন্য আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ৪ সেপ্টেম্বর নয় বরং ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন এই তারকা। প্রসেনজিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ডাক্তারের চরিত্রে একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন তিনি। সামনে রয়েছে একটি দাঁড়িপাল্লা যার মধ্যে একদিকে কোটি কোটি টাকা অন্যদিকে মুমূর্ষু রোগী। হাওয়ায় উড়ছে কাগজের তৈরি প্লেন।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছোক, (৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!! তবে আচমকা তিনি ছবি মুক্তির তারিখ কেন পিছিয়ে দিলেন সেটা এখনও স্পষ্ট নয়।’