প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৯ পিএম (ভিজিট : ৭০৭)

X
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরেছে নারী ফুটবল দল। শিশু থেকে বুড়ো, শুভেচ্ছায় জানায় প্রায় সবাই। পুরো বাংলাদেশে যেন উৎসবের আমেজ ছিলো। ছাদখোলা বাস ঘিরে মানুষের ঢল নামে। বিজয়ী মেয়েদের শুভেচ্ছা জানাতে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ।
সাফজয়ী মেয়েদের বরণ করা ও শুভেচ্ছা জানানোর ঘটনা কীভাবে প্রতিবেদন হিসেবে লেখা যায়, তা শিখতে রাজধানীর বিজয় সরণিতে অভিনব পদ্ধতিতে সাংবাদিকতার ব্যবহারিক ক্লাস করেন গ্রিন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা।
গত বুধবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী মেয়েদের বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে দ্বিতীয় সেমিস্টারের রিপোর্টিং ফর প্রিন্ট মিডিয়া কোর্সের শিক্ষার্থীদের ক্লাস নেন বিভাগের শিক্ষক সরোজ মেহেদী।
এ সময়ে শিক্ষার্থীদের রিপোর্টিং করা ও সরেজমিনে প্রতিবেদনে তৈরির কলাকৌশল শিখাতে উপস্থিত সাধারণ মানুষের মাঝেই পাঠদান গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা সাধারণ মানুষের ইন্টারভিউ নেন, ফেসবুকে লাইভ ধারাবর্ণনা ও ঘটনার চিত্রগ্রাফি(ভিডিওগ্রাফি) ধারণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা সাফ চ্যাম্পিয়ন নারী দলের শুভেচ্ছা গ্রহণ নিয়ে একটি করে ফিচার বা প্রতিবেদনে তৈরি করবেন।
জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অধ্যাপক সরোজ মেহেদি বলেন, ক্লাসরুমের পাঠ থেকে মাঠে এসে, হাতে কলমে চলমান কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সরজমিনে ক্লাস নিয়া হয়।
তারা একই সঙ্গে সরজমিনে হাতে-কলমে সাংবাদিকতা শেখা এবং বিজয় উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম সুমাইয়া বলেন, একই সঙ্গে আমাদের রথ দেখা ও কলা বেচা হয়েছে। আমরা এখানে এসে হাতে কলমে শিখলাম কীভাবে একটি ঘটনার সরেজমিনে প্রতিবেদন তৈরি করতে হয়। আবার একই সঙ্গে আমাদের মেয়েদের শুভেচ্ছাও জানিয়েছি। আমরা আমাদের কোর্স শিক্ষক ও চেয়ারপারসনকে কৃতজ্ঞতা জানাই এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা চাই তারা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও অর্জন করুক। এই ঐতিহাসিক ঘটনায় আমরা সবাই গর্বিত ও উচ্ছ্বসিত। আমাদের শিক্ষার্থীরা সেই ঘটনার সাক্ষী হয়ে প্রতিবেদন করা শিখলো। এটা আমার জন্য আনন্দের।
উল্লেখ, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জিতে ইতিহাস গড়ে লাল-সবুজের বাঘিনীরা।
-বাবু/এ.এস