প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩৪ পিএম (ভিজিট : ১৫৮)

X
২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ উদ্ধার হয়েছিল বান্দ্রার এক অভিজাত ফ্ল্যাট থেকে। মৃত্যুর আড়াই বছর পার হলেও পাওয়া যাচ্ছিল না কোনো ভাড়াটিয়া। তাই এতদিন ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটি। অবশেষে সেই ফ্ল্যাটের জন্য মিলল নতুন ভাড়াটিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক প্রবাসী ভারতীয় ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। যার জন্য মাসিক ৫ লাখ টাকা ভাড়া দেবেন ওই ব্যক্তি। প্রায় ৩০ লাখ টাকা ডিপোজিট জমা রাখছেন তিনি। কথা ছিল, ২০২২ পর্যন্ত বান্ধবী রিয়া চক্রবর্তী ও দুজন সহকারীকে নিয়ে সেখানে থাকবেন সুশান্ত। কিন্তু তার আগেই ওলট-পালট হয়ে গেল সব কিছু। সেই সময় মাসিক সাড়ে চার লাখ টাকা ভাড়া দিতেন অভিনেতা। এবার নতুন ভাড়াটিয়া তার থেকে প্রায় ৫০ হাজার টাকা বাড়িয়ে ভাড়া নিচ্ছেন বাড়িওয়ালা।
দিন কয়েক আগেই রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে এই ফ্ল্যাট ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। তারপর মিলল নতুন ভাড়াটিয়া। চারটি শোবার ঘর, সঙ্গে লাগোয়া বাথরুম, রান্নাঘর ও একটি ছাদ। আড়াই বছর কেটে গেলেও ভাড়াটিয়া পাওয়া দুষ্কর হয়ে ওঠে। অবশেষে নতুন ভাড়াটিয়া আসছে ওই ফ্ল্যাটে।
বাবু/জেএম