প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৭:২৫ পিএম (ভিজিট : ১৯১)

X
‘হ্যামলেট মেশিন’ মঞ্চায়িত করার মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন নাট্য সংগঠন অ্যাক্টোম্যানিয়া। বুধবার (১১ জানুয়ারি) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ হবে। নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব সারা যাকেরের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাট্য সংগঠন অ্যাক্টোম্যানিয়া জানিয়েছে, হাইনার মুলারের উত্তরাধুনিক নাটক ‘হ্যামলেট মেশিন’ নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের প্রভাষক নওরীন সাজ্জাদ।
জার্মান লেখক হাইনার মুলারের এই নাটকে দেখা যাবে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট ও ওফেলিয়াকে। সমকালীন যুদ্ধবিদ্ধস্ত ইউরোপ, নারী নির্যাতন, বাণিজ্যিক সভ্যতা, সমাজের আরও নানা চিত্র উপস্থাপনসহ জটিল প্রতীকাবলীর সংমিশ্রণে নির্মিত হয়েছে নাটকটি। আর বাংলায় অনুবাদ করেছেন প্রয়াত জাতীয় অধ্যাপক কবির চৌধুরী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সায়েম সিজান, আমির হামজা আকাশ, তালহা জুবায়ের, সাগর বড়ুয়া, জয়ব্রত বিশ্বাস, পারিশা মেহজাবিন, মাঈশা কাশপিয়া অদ্রি, সানজিদা সাফরিন, ফাতেমা কানিজ শশী, সুমাইয়া ঝরা, রাসেল মাহমুদ, এম এইচ এস লাবন, গাজী রিয়াদ হোসেন, তানজিদ প্রিতম।
বাবু/জেএম