পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকে অহংবোধগত সমস্যা তীব্রতর হয়ে ওঠে। একে অন্যের থেকে দূরে সরতে থাকেন তারা। অতঃপর ছয় বছরের প্রেমের সম্পর্ক এবং দুই বছরের সংসার জীবনের অবসান ঘটে। আলাদা থাকার সিদ্ধান্ত নেয় নিশাত ও আবির। কেউ কারো কাছে হার মানতে চায় না তারা। নিজেদের জিদ জিতে যায়। কিন্তু একবারও ভাবেন না, তাদের নবজাতক রাইসার কী হবে? কিংবা সন্তানের চাওয়াটা কী হতে পারে। বলছিলাম, শামীম সিকদারের রচনায় ও রানা বর্তমানের পরিচালনায় একক নাটক ‘ইতি তোমার মেয়ে’র গল্প।
পরিচালক রানা বর্তমান বলেন, ‘‘আমাদের গল্পটি ভিউর গল্প নয়। তবে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্লটে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। একটি ব্রোকেন ফ্যামিলির গল্প ‘ইতি তোমার মেয়ে’। সম্পূর্ণ ফ্যামিলি ড্রামার উপর নির্মিতব্য নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দর্শকদের হৃদয় স্পর্শ করবে এবং অনেকের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়বে।’’ তিনি আরও বলেন, ‘‘সমসাময়িক গল্প নিয়ে নাট্যকার শামীম সিকদার দারুন যত্ন করে নাটকটির চিত্রনাট্য ও সংলাপগুলো লিখেছেন। প্রতিটি কলাকুশলীর সুনিপুণ অভিনয় নাটকটিতে ভিন্নমাত্রা যোগ করেছে।’’

শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী ও কয়েকজন শিশুশিল্পীসহ বেশ কয়েকজন দক্ষ অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসান। নাটকটি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার করা হবে।
-বাবু/এ.এস