২২ ফেব্রুয়ারি রাবিতে প্রদর্শনী হবে ‘সাঁতাও’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ পিএম আপডেট: ২০.০২.২০২৩ ৮:৪৮ পিএম (ভিজিট : ১৪২)

X
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি প্রদর্শনী করা হবে ‘সাঁতাও’ চলচ্চিত্র। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে তথ্যটি জানান, বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফাহিম ইসলাম।
তিনি জানান, ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কেন্দ্রে এ চলচ্চিত্রের তিনটি শোয়ের আয়োজন করা হয়েছে। এদিন বিকাল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে ছবিটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘সাঁতাও’ চলচ্চিত্রটি দেখার জন্য টিকিট পাওয়া যাবে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরের বুথে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ও ২২ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৬টা রাবির কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে প্রশাসন ভবন-২ এর সামনের বুথে টিকিট মিলবে। এ ছাড়া শোয়ের দিন ভেন্যুতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এন্ট্রি ফি ৫০ টাকা।
দেশের উত্তর জনপদ বিশেষ করে রংপুর অঞ্চলের গ্রামীণ জীবনকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্না ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। এর নির্মাতা খন্দকার সুমন। চলচ্চিত্রটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচক মহলে নন্দিত হয়েছে।
বাবু/এসআর