বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় চ্যানেল আইয়ের জন্মদিন পালন

বিনোদন ডেস্ক

বিনোদন

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৫ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। পথ চলার ২৪

2023-10-01T16:28:06+00:00
2023-10-01T16:28:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় চ্যানেল আইয়ের জন্মদিন পালন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ অক্টোবর, ২০২৩, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৯১)
X


‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৫ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। পথ চলার ২৪ বছর পূর্ণ করে আজ রোববার (১ অক্টোবর) থেকে ২৫ বছরের পথচলা শুরু হয়েছে চ্যানেল আই’য়ের।

প্রতি বছর ১ অক্টোবর মানুষের মিলন মেলায় পরিণত হয় চ্যানেল আই চত্বর। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়। এরপর সকাল ১১.০৫-এ লাল-সবুজ বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনের উদ্বোধন করা হয়।

চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আইয়ের পঁচিশ বছর, আমাদের পঁচিশ বছর, আপনাদেরও পঁচিশ বছর।’

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘গত ২৪টি বছর বাংলাদেশের ইতিহাসের সাথে এই চ্যানেলটি ছিল। চব্বিশ পর পরে চ্যানেল আইয়ের দর্শক বেড়েছে। দর্শকের দৃষ্টি এখনও চ্যানেল আইতেই আছে।’

ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, বাংলাদেশের রঙ লাল-সবুজ। চ্যানেল আইয়ের উচ্ছ্বাস, উৎসাহ শক্তি লাল সবুজে। তাই চ্যানেল আইয়ের সিগনেচার টিউনে বলা হয়, সবার চেয়ে দেশ বড়। আমরা প্রতিটি অনুষ্ঠানেই দেশকে বড় করে দেখছি। আমরা আপনাদেরকে আমাদের আপন মানুষ হিসেবে দেখতে চাই আগামী দিনগুলোতে।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতিপ্রেমী এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, ২৪ বছর আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এই পর্যন্ত এসেছি। বাকি সময়টা ভালোবাসা যেন আরও বেড়ে যায়, আরো সামনে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রইলো।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল ক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অনেকেই।

চ্যানেল আই’য়ের জন্মদিন মানেই প্রধান প্রধান সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র। এবারও তার ব্যতিক্রম নয়। দেশের প্রধান প্রধান সংবাদপত্রগুলো পুরো পৃষ্ঠা রঙিন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

ক্রোড়পত্রে দেশের প্রথম ডিজিটাল চ্যানেলের ২৫ বছরে পদার্পণে দর্শকশ্রোতা, কলাকুশলি ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে আমি চ্যানেলটির দর্শকশ্রোতা, কলাকুশলী, শুভানুধ্যায়ীসহ চ্যানেল আই পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে। দেশের কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণ এবং গ্রামীণ সংস্কৃতির প্রসারে চ্যানেল আই এর প্রচেষ্টা প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বাঙালির হাজার বছরের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য লালন এবং তা বিশ্ব দরবারে তুলে ধরতে চ্যানেল আই অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে এ প্রত্যাশা করছি। আমি চ্যানেল আই এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ ২৫ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি। আমি আশা করি, আমাদের এই লক্ষ্য অর্জনে এবং গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় ‘চ্যানেল আই’ আরও ইতিবাচক ভূমিকা রাখবে। আমি ‘চ্যানেল আই’ এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য এবং চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চ্যানেল আই তার পথচলার ২৪ বছর পূর্ণ করেছে জেনে আমি আনন্দিত। ২৫ বছরে পদার্পণের এ আনন্দঘন মুহূর্তে চ্যানেল আই পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলো বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতে অনন্য ভূমিকা রেখে চলেছে। সেক্ষেত্রে চ্যানেল আই এগিয়ে রয়েছে। তাদের সংবাদ পরিবেশনায় রয়েছে বস্তুনিষ্ঠতা এবং আকর্ষণীয় ও তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচারও তাদের অন্যতম বৈশিষ্ট্য। প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে টেলিভিশন এখন মুহূর্তের মধ্যে সারাবিশ্বকে তুলে ধরছে। চ্যানেল আই সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা রইল।

২৫তম বর্ষপূর্তিতে চ্যানেলটির জন্য শুভকামনা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।চ্যানেল আইকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় জাস্টিন ট্রুডো বলেছেন, ‘চ্যানেল আই ২৫তম জন্মদিন পালন করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। চ্যানেল আইকে আমার উষ্ণ অভিনন্দন। বহু সংস্কৃতির দেশ কানাডায় বৈচিত্র্যতা সবচেয়ে বড় শক্তি। এই বৈচিত্র্যময় কানাডা তৈরিতে বাংলাদেশি কানাডিয়ানরা প্রতিদিন যে অবদান রাখছেন, তা অমূল্য। এর মাধ্যমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের সেই সুযোগও নিতে চাই।’

চ্যানেল আই পরিচালনা পর্ষদের ৭ সদস্যের পক্ষ থেকে দর্শকশ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ২৪ বছরের মতো আগামীর দিনগুলোতে সারা পৃথিবীর কোটি কোটি বাঙালির সৃজনশীল কাজের সাথে আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন তারা।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy