প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম আপডেট: ২৮.১২.২০২৫ ১:৫৮ পিএম (ভিজিট : ৭৯)

X
দ্বিতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো আরও এক মাস। রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে।
এর আগেও আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল। এবার দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বর্তমানে দেশের প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেয়ার মেয়াদ বৃদ্ধি করে।
উল্লেখ্য, চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করে এনবিআর।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নির্বাচন সামনে রেখে করদাতাদের আরো সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতিরও সময় দিতে হয়। সে জন্য সময় বাড়ানো সিদ্ধান্ত হয়েছে।’