প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম আপডেট: ৩১.১২.২০২৫ ১:৩৪ পিএম (ভিজিট : ৮৭)

X
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ জানাজায় অংশ নিতে আসা মানুষের পদধ্বনিতে। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে লাখো মানুষ শেষ বিদায় জানাতে এই ঐতিহাসিক এলাকায় একত্রিত হয়েছেন।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। শেরেবাংলা নগর ও আশপাশের এলাকা মানুষে ভরে উঠেছে। অনেকে হাতে জাতীয় পতাকা ও ফুল, আবার কেউবা প্রিয় নেত্রীর ছবি হাতে ধরে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়েছেন। আন্তর্জাতিক পর্যায় থেকেও কূটনীতিক ও সরকারী প্রতিনিধি জানাজায় উপস্থিত থাকছেন।
দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভোগা খালেদা জিয়া এ বছরের জানুয়ারি মাসে লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা সুস্থ হলেও বয়সজনিত কারণে তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থার কঠোর আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।