
X
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত) ও রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে দাখিল করা নয়টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
রংপুর-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ও বাকি ৮টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন– বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব, নাগরিক পার্টির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।
এদিকে, মনোনয়নপত্র বাতিল করায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী অভিযোগ করে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতিল করা হবে না। এভাবে অনেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার সামান্য ত্রুটি থাকার পরেও আমার পত্রটি বাতিল করে আমার প্রতি অবিচার করা হয়েছে।’
তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। তিনি ন্যায্য বিচার পাবেন। নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এআসনে কোন প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়নি।
রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানান, আটটি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।