
X
আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিলে তার জন্য আইন, আদালত ও থানার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লতিফুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ থেকে আপনারা জামায়াতে যোগ দেন, আইন-আদালত, কোর্ট-কাছারি, থানার দায়িত্ব আমরা নেব।’
লতিফুর রহমানের এ বক্তব্যের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বুধবার রাতে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও-তে বলা কথাগুলো তারই বলে স্বীকার করেছেন তিনি।
ভিডিওতে লতিফুর রহমান বলছেন, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়-দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা যে কোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না, এখন শক্তিশালি জামায়াত। নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে …করে কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাছারি, থানার দায়িত্ব আমরা নেব।’
তিনি বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন তোমাদের ভালো কাজের, খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নেব।’
বিএনপিকে ইঙ্গিত করে উঠান বৈঠকে তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) ঘাবড়াবেন না। আমাদের রগ কাটা পার্টি বলে নিজেরা সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন। নিজেদের কুকর্ম ঢাকতে আপনাদের মানুষকে যখন কিছু বলার থাকে না, তখন আবোল-তাবোল কথা বলেন। এগুলো জনগণ আর খাচ্ছে না।’
জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কিছু ভোটার জামায়াতের কাজ করছে। এদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। আমি বলেছি কারও উপর আপনারা হয়রানি করবেন না।’