প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫০ এএম (ভিজিট : ১০৪)

X
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘাই ঘাটের উত্তর পাশে নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা দেওয়ায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে নৌ পুলিশের অফিসার ইনচার্জসহ নৌ-পুলিশ, কাজিপুর থানা পুলিশের একটি টিম এবং পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মাহবুব উপস্থিত ছিলেন।