বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বন্যহাতিটি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। কৌতূহলবশত আবদুস ছালাম হাতিটির ছবি তুলতে কিছুটা পেছনে যান। এ সময় কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে তাকে আক্রমণ করে। হাতিটির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবদুস ছালাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। পেশায় টিউবওয়েল মিস্ত্রি, তিনি দিনমজুরি করে জীবন ধারণ করতেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অন্ধকার। স্ত্রী রুবি আক্তার, মা মেনুয়ারা বেগম এবং তিনটি ছোট সন্তান এখন ভবিষ্যতের অনিশ্চয়তায় ভুগছে। পরিবারটির একমাত্র সহায় ছিলেন আবদুস ছালাম, তার পিতা আবদুর সাত্তার শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় পরিবারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কষ্টকর।
৬ নং ওয়ার্ড ইউপি সদস্য উবাচিং মার্মা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং নিহতের লাশ উদ্ধার করেন। এলাকাবাসী বন্যহাতিটি তাড়ানোর ব্যবস্থা করেন যাতে আরও কোন ক্ষতি না হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এলাকাবাসী দাবি করেছে, বনবিভাগের প্রতি আহ্বান জানিয়ে তারা নিহত আবদুস ছালামের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। বাইশারী রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
এ ঘটনার পর স্থানীয়রা বন্যহাতির আক্রমণ ঠেকাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত সহায়তার দাবি জানিয়েছেন।