
X
বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করা ৩৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি একজন প্রার্থী। মৃতবরন করায় তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
গত ২ ও ৩ জানুয়ারী শুক্রবার ও শনিবার বগুড়ার সাতটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেওয়া হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ২৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা)
এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ভোটারদের স্বাক্ষর ও তথ্যের গরমিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।
বগুড়া-২ (শিবগঞ্জ)
এ আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের সেলিম সরকার।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া–আদমদীঘি)
পাঁচজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ।
বগুড়া-৪
এই আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী।
বগুড়া-৫
পাঁচ প্রার্থীর মধ্যে এলডিপির খান কুদরত ই সাকলায়েনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, সিপিবির শিপন কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মাহমুদুর রহমান।
বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাসদ, জেএসডি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।
বগুড়া-৭ আসনে
পাঁচজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগের আনসার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মৃত্যুবরণ করায় বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
এ আসনে বৈধ তিন প্রার্থী হলেন বিএনপির মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।