প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ এএম (ভিজিট : ৩৬)

X
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যার পর থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ করে দেয়।
ফলে তীব্র শীতের মধ্যে ঘাটে এসে আটকে থাকা যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে, নারী ও শিশু যাত্রীদের শীত ও কুয়াশার মধ্যে দুর্ভোগের সীমা ছিল না বলে তারা জানান।
বিআইডব্লিউটিসি'র সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী অববাহিকায় কুয়াশা জমতে শুরু করে। রাত ১১টার পর কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরির মার্কিং বাতির আলো দেখা অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় নৌপথে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনুপযোগী হয়ে পরে। এ কারণে যাত্রী ও নৌযানের নিরাপত্তায় ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এছাড়া, পাটুরিয়া ফেরি ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরিকে নোঙর করিয়ে রাখা হয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েকশত যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। কনকনে শীতের মধ্যে ঘাটে আটকে থেকে যানবাহন চালক-শ্রমিক ও যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। ফেরি সার্ভিস চালু হওয়ার পর অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হবে বলেও তিনি জানিয়েছেন।