প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ৮৩)

X
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. জিয়াউদ্দীন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ডা. ফজলুল হক তার হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনো চূড়ান্ত বা প্রামাণ্য নথি জমা দিতে পারেননি। হলফনামায় তিনি দাবি করেন, গত ২৮ ডিসেম্বর তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় ডা. ফজলুল হক নির্বাচন কর্মকর্তাদের জানান, তিনি নাগরিকত্ব ত্যাগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এবং এ বিষয়ে সোমবার একটি শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং বর্তমানে তার দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে ডা. ফজলুল হক নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
এদিকে একই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সিপিবির প্রার্থী মো. সেহাব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।