প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ১০:৪৯ এএম (ভিজিট : ৮১)

X
গাজীপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক যুবদল নেতা সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আবু নাহিদ ওরফে হাসান নাহিদ (৩৫) গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকার মোহন মিয়ার ছেলে।
রোববার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে ১১ বছর বয়সী সন্তানের সামনে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে থাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে গত ২৮ ডিসেম্বর রাত সোয়া ৯টায় হাড়িনাল বাজারে তার ১১ বছরের সন্তানের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে খুবই গুরুতর আহত করার পরদিনই মহানগর শ্রমিক দল নেতা নজরুল ইসলামকে প্রধান আসামি করে গাজীপুর সদর মেট্রো থানা একটি মামলা দায়ের করা হয়।