প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : ৫২)

X
নানিয়ারচর জোনের আওতাধীন ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্ট কর্তৃক উত্তম কুমার নামক এক ব্যক্তিকে ০১টি চাইনিজ পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
নানিয়ারচর সেনা জোন কতৃপক্ষ জানান,বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহালছড়ি থেকে মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচলের তথ্য পাওয়া গেলে,প্রাপ্ত তথ্যের আলোকে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ডিউটি চেকপোস্ট জনবল বৃদ্ধি করা হয় এবং উক্ত রুটে চলাচলকারী সকল যানবাহন ও ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি কালে উত্তম কুমার নামক এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিকালে তার নিকট হতে ০১টি চাইনিজ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড অ্যামুনিশন, ০১টি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি উত্তম কুমার (হিন্দু), টিলাপাড়া,মহালছড়ি, খাগড়াছড়ির বাসিন্দা ।
অন্যদিকে নানিয়ারচর জোন কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অবৈধ অস্ত্র বহন ও অপপ্রয়োজনীয় কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।