প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম (ভিজিট : ১১৮)

X
নেত্রকোনার বারহাট্রা উপজেলার ৭নং রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার হতে কুড়ালদেও পর্যন্ত ৩৫০০ মিটার এলজিইডির সড়ক নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় নুরুল ইসলামসহ এলাকাবাসী জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর ১ জানুয়ারী লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার হতে কুড়ালদেও পর্যন্ত ৩৫০০ মিটার সড়কটি এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ন। ওই সড়কের ঠিকাদার মো. সারোয়ার জাহান সিডিউল অনুযায়ী কাজ করছেন না। ইট, বালি সুড়কি ভাল মানের দেওয়ার কথা থাকলেও সড়কটিতে নিম্নমানের রাবিশ ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তার নীচে ১০ ইঞ্চি বালি দেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী কাজ হচ্ছে না। সড়কটি নিম্নাঞ্চলে অবস্থিত হওয়ায় সিডিউলে উচু করে করার কথা থাকলেও ঠিকাদার নিজের ইচ্ছে মাফিক আরো নীচু করে কাজ করছেন। যার ফলে বর্ষাকালে পুরো সড়কটি পানির নীচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী এ ব্যাপারে প্রতিবাদ করতে চাইলে ঠিকাদারের লোকজন তাদেরকে হুমকি ধামকি প্রদর্শন করেন। এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে প্রকল্পের ঠিকাদার মো. সারোয়ার জাহান বলেন, আমি শ্রমিকদের সঠিক ভাবে কাজ করতে বলেছি। ইট ভাটার মালিক ও শ্রমিকেরা কাজের ক্ষেত্রে একটু এদিক সেদিক করতে পারে। রাস্তার কাজ করতে গেলে একটু এদিক সেদিক হতে পারে।
এলডিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ফকিরের বাজার হতে কুড়ালদেও পর্যন্ত সড়কটির নির্মান কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। আমি নিজে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।